April 29, 2026, 9:05 pm

মাটির নিচে গোপন ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুদ

নাটোরের সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাটির নিচে স্থাপন করা একটি ট্যাংকি থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল মজুদের প্রমাণ পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিংড়া থানার মোড় এলাকার ‘সততা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মো. রুবেলকে ১০ হাজার লিটার ডিজেল অনিয়মভাবে সংরক্ষণ করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রোববার (৮ মার্চ) এর মধ্যে তেল দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
জরিমানাপ্রাপ্ত রুবেল নিংগইন ভাটোপাড়া মহল্লার বাসিন্দা।

অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে একই দিনে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারেও পৃথক অভিযান পরিচালনা করা হয়। সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিন দোকানিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, কিছু অসাধু ব্যবসায়ী তেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীর মজুদের অনুমতি থাকলেও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে বেআইনিভাবে মজুদ করায় তাকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা