রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এদিন পলককে কারাগার থেকে আদালতে হাজির করা হলেও কয়েকজন আসামি উপস্থিত না থাকায় অভিযোগ গঠনের কার্যক্রম সম্পন্ন হয়নি।
পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জানান, মামলাটিতে কয়েকজন আসামি জামিনে থাকলেও অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তারা আদালতে উপস্থিত হতে পারেননি। অভিযোগ গঠনের সময় সব আসামির উপস্থিতি প্রয়োজন হওয়ায় তাদের জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করা হয়।
আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আরও বলেন, জুনাইদ আহমেদ পলক দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন এবং তার চিকিৎসার জন্য আদালতে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেছিলেন। তবে আদালতের সেই আদেশের পরও তিনি প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেন।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেন গুলিতে নিহত হওয়ার ঘটনায় মামলাটি করা হয়। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে।