September 23, 2026, 7:50 am

বাগেরহাটে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হলো একটি দাতিনা ভোল মাছ

বাগেরহাটে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হলো একটি দাতিনা ভোল মাছ

বাগেরহাটে বঙ্গোপসাগরে ধরা পড়া সাড়ে ২২ কেজি ওজনের ‘দাতিনা ভোল’ মাছ ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাট কেবি বাজার মৎস্য অবতরণ কেন্দ্রে উন্মুক্ত নিলাম পদ্ধতিতে মাছটি বিক্রি হয়। প্রতি মন মাছের দাম ছিল ৬ লাখ ৯৪ হাজার টাকা, যা প্রতি কেজিতে ১৫ হাজার ৭৭৭ টাকায় দাঁড়ায়। মাছটি ক্রয় করেছেন ব্যবসায়ী হারুন মীর।

মাছটি ১১ আগস্ট বঙ্গোপসাগরে ধরা পড়ে। বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের ইলিয়াছ হোসেনের মাছ ধরা ট্রলারে এটি ধরা পড়ে। ট্রলারের মালিক ইলিয়াছ হোসেন জানান, সাগরের খারাপ আবহাওয়ার কারণে ইলিশ মাছ ধরা পড়ছে না। শেষ মুহূর্তে জাল ফেলার সময় দাতিনা ভোল মাছটি পাওয়ায় তিনি খুশি হয়েছেন।

ক্রেতা হারুন মীর বলেন, ‘দাতিনা ভোল মাছের মণ ৬ লাখ ৯৪ হাজার টাকা। সেই হিসাবে সাড়ে ২২ কেজি মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছি। এখন মাছটি বরফ দিয়ে বড় মোকামে পাঠানো হবে এবং আশা করি ৫০ হাজার টাকা লাভ হবে।’

উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী জানান, কিছু অসাধু ব্যবসায়ী ছোট জাল ব্যবহার করে মাছ ধরার কারণে ছোট মাছ ধরা পড়ছে। তিনি বলেন, ‘অনেকদিন পর সাড়ে ২২ কেজির দাতিনা ভোল মাছ ধরা পড়েছে এবং এটি প্রায় সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হয়েছে।’

স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মাছের পটকার চাহিদা রয়েছে। মাছটি বিশাল অঙ্কে বিক্রি হওয়ায় স্থানীয় জেলেদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। মাছের পটকা আন্তর্জাতিক বাজারে ওষুধ প্রস্তুতি ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা