মুন্সীগঞ্জের গজারিয়ায় জুলেখা আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের শ্বশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জুলেখা আক্তার ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী মাসুম মিয়ার স্ত্রী। প্রায় ১০ বছর আগে তাদের বিয়ে হয় এবং দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মাসুম মিয়া দুই বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন, এবং জুলেখা দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, মাসুম মিয়া বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে থাকায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। তারা দাবি করেন, মাসুম মোবাইল ফোনে জুলেখাকে তালাক দেওয়ার হুমকি দিচ্ছিলেন এবং ঘটনার আগের দিন জুলেখাকে মারধর করা হয়েছে।
নিহতের সাত বছর বয়সী মেয়ে সিনথিয়া জানায়, রাতে তার বাবা মোবাইল ফোনে মাকে গালিগালাজ করেন এবং পরে তার মা ঘরের আড়ার সঙ্গে ওড়না বাঁধেন। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে তার মাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।
গজারিয়া থানার পরিদর্শক তদন্ত সাব্বির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিবারের অভিযোগগুলোও তদন্ত করা হচ্ছে।