বাংলাদেশ পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া 'মন্ত্রীর জুতা টানছে পুলিশ' শিরোনামের খবরটি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত। পুলিশ বলছে, এই তথ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ আগস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
এ সময় কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ও মসজিদে প্রবেশ করেন। মসজিদে প্রবেশের সময় ওসি তার নিজস্ব জুতা খুলে ভেতরে প্রবেশ করেন এবং নামাজ শেষে বের হওয়ার সময় নিজের জুতাই হাতে নিয়ে আসেন।
পুলিশ জানিয়েছে, মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতাও রাখা ছিল। তবে ওসি কর্তৃক মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করার যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, তা বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে।
পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে। দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।