সরকার দ্বিমুখী নীতি পরিহার না করলে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ঘোষণা দিলে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত বিরোধী দল। তবে এর বাইরে কোনো সহযোগিতার সুযোগ নেই।রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, নির্বাচনের পর ক্ষমতার পরিবর্তন হলেও দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির পরিবর্তন হয়নি। তার অভিযোগ, চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি ও রাজনৈতিক কৌশলের মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে।
শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের পরিবর্তনের আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও বর্তমানে তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। বিষয়টিকে তিনি দেশের জন্য হতাশাজনক বলে উল্লেখ করেন।
এ সময় তিনি জ্বালাও-পোড়াওয়ের আন্দোলনকারীদের সঙ্গে সরকারের কথিত যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, একদিকে স্বৈরাচারের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সরকার নিজেদের স্বার্থে সবকিছু করবে আর বিরোধী দল তাদের কর্মকাণ্ডের পাহারাদারের ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা করা ঠিক নয়।
আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লব নিয়ে সরকারকে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। বিপ্লবের পক্ষে অবস্থান নিলে তারা স্বতঃস্ফূর্তভাবে সংলাপে অংশ নেবেন।
সভায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।