November 26, 2026, 2:29 pm

শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে গাজীপুরে ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুরে প্রকাশ্যে মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। তবে মহাসড়কের ঠিক কোন এলাকায় মিছিলটি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল। ভিডিওতে সাদা কাপড়ের একটি ব্যানারে লাল কালিতে ‘শেখ হাসিনা, তোমার অপেক্ষায় বাংলাদেশ’ লেখা দেখা যায়। ব্যানারে নাসির মোড়লের নাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরিচয়ও উল্লেখ রয়েছে।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’ এবং ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও নাসির মোড়লের ছবি সংবলিত বড় ফেস্টুন দেখা যায়।

ভিডিওতে এক কর্মীকে অভিযোগ করতে শোনা যায়, তাদের কর্মসূচি বানচাল করতে বিএনপির লোকজন ছাত্রলীগের নেতাকর্মীদের আটক করেছে।

নাসির মোড়ল তার ফেসবুক পোস্টে লেখেন, ‘শেখ হাসিনার কর্মীরা গুপ্ত নয়, ঘোষণা দিয়েই রাজপথে নিজেদের অবস্থান জানান দেয়। মিছিলের আগেই ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু জয় বাংলার স্লোগান থামানো যায়নি।’

তিনি আরও লেখেন, ‘সেদিনের কর্মসূচি ছিল থানা ঘেরাওয়ের। কথা দিয়েও তা পালন করতে না পারলেও শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই সেই কথা রাখবো আমরা।’

এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কোথায় মিছিল করেছে, এ ধরনের কোনও তথ্য আমাদের কাছে নেই। এ বিষয়ে আমাদের জানাও নেই।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা