November 27, 2026, 8:13 pm

গার্মেন্টস কারখানায় কর্মরত শ্রমিকরা (ফাইল ফটো)

যুক্তরাষ্ট্রের শুল্কঝুঁকির চাপে পোশাক খাত

দেশের তৈরি পোশাকশিল্পে একসঙ্গে একাধিক চাপ তৈরি হয়েছে। একদিকে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন ও শ্রম অসন্তোষের কারণে উৎপাদন স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশের সবচেয়ে বড় একক রফতানি বাজারে নতুন এই শুল্কঝুঁকি তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তাদের দুশ্চিন্তা বাড়িয়েছে।

রফতা্নিকারকদের আশঙ্কা, প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের দাম বাড়বে। এতে ক্রেতাদের চাহিদা কমতে পারে, নতুন ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা কঠিন হবে। একইসঙ্গে মার্কিন আমদানিকারকেরা বাড়তি শুল্কের চাপের একটি অংশ বাংলাদেশের উৎপাদকদের ওপর চাপিয়ে দিলে রফতানিকারকদের মুনাফাও কমে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে সম্ভাব্য শুল্ক বৃদ্ধির সময়টি বাংলাদেশের পোশাকশিল্পের জন্য বিশেষভাবে সংবেদনশীল। কারণ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, শ্রমিক অসন্তোষ, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবং বৈশ্বিক বাণিজ্যনীতির অনিশ্চয়তা—সব মিলিয়ে শিল্পটি এখন কঠিন সময় পার করছে।
গত ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারায় বাংলাদেশসহ ১৪টি দেশ ও অর্থনীতির বিরুদ্ধে তদন্তের ফল প্রকাশ করে। এতে বাংলাদেশের শিল্প উৎপাদন সক্ষমতা, সরকারি প্রণোদনা, কাঁচামাল আমদানি ও শ্রমনীতি নিয়ে প্রশ্ন তুলে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

ইউএসটিআরের সূচি অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষগুলোর লিখিত মতামত নেওয়া হবে। ২৫ জানুয়ারি থেকে গণশুনানি শুরু হওয়ার কথা রয়েছে। শুনানি ও পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে প্রস্তাবটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য বাংলাদেশের হাতে এখনো সময় রয়েছে।

পোশাক রফতানিতে বড় ঝুঁকি

বাংলাদেশের রফতানি আয়ের অন্যতম প্রধান উৎস তৈরি পোশাক। যুক্তরাষ্ট্র এই খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একক বাজার। ইউএসটিআরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮৬০ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করা হয়েছে। দেশটির মোট তৈরি পোশাক আমদানির প্রায় ৮ শতাংশ এসেছে বাংলাদেশ থেকে।

ফলে এই বাজারে শুল্ক বাড়লে তার প্রভাব শুধু রফতানিকারকদের আয়েই সীমাবদ্ধ থাকবে না; উৎপাদন, কর্মসংস্থান, সরবরাহব্যবস্থা ও বিনিয়োগেও চাপ তৈরি হতে পারে।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়লে তার প্রাথমিক প্রভাব পড়বে দেশটির আমদানিকারক ও ভোক্তাদের ওপর। বাড়তি শুল্কের কারণে পণ্যের দাম বাড়বে। দাম বাড়লে চাহিদা কমতে পারে, যার প্রভাব শেষ পর্যন্ত বাংলাদেশের রফতানি আদেশে পড়বে।’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশের তৈরি পোশাকের মোট রফতানি আয়ের ২০ থেকে ২২ শতাংশ আসে যুক্তরাষ্ট্রের বাজার থেকে। এই বাজারে রফতানি কমে গেলে অন্য বাজারে বিক্রি বাড়িয়ে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন। প্রতিযোগী দেশগুলোর ওপরও শুল্কের প্রস্তাব রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে তাদের রফতানি কমলে এসব দেশ ইউরোপসহ অন্য বাজারে বেশি মনোযোগ দিতে পারে। এতে সেসব বাজারেও বাংলাদেশের প্রতিযোগিতা বাড়বে।’’

নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘‘আন্তর্জাতিক বাজারে পোশাক উৎপাদনকারীদের মুনাফার হার সাধারণত ২ থেকে ৫ শতাংশ। বাড়তি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বেড়ে গেলে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমতে পারে। এতে বিক্রি ও আমদানি আদেশ কমার আশঙ্কা রয়েছে।’’

তিনি মনে করেন, বাংলাদেশের কিছু ক্রয়াদেশ ভারত বা পাকিস্তানের মতো প্রতিযোগী দেশে চলে যাওয়ার ঝুঁকিও রয়েছে। বিশেষ করে যেসব দেশের উৎপাদন ব্যয় ও সরবরাহব্যবস্থায় সুবিধা রয়েছে, তারা এই পরিস্থিতিতে বাড়তি বাজার ধরার চেষ্টা করতে পারে।

চীনা কাঁচামাল নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি

ইউএসটিআরের তদন্তে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে চীন থেকে আমদানি করা কাঁচামালের ওপর নির্ভরতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক উৎপাদনে ব্যবহৃত সুতা, কাপড়, কৃত্রিম তন্তু ও বিভিন্ন রাসায়নিক উপকরণের বড় অংশ চীনসহ কয়েকটি দেশ থেকে আমদানি করা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব কাঁচামাল ও সরকারি সহায়তার সুবিধা নিয়ে বাংলাদেশি উৎপাদকেরা মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করছে।

তবে বাংলাদেশের শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের পোশাকশিল্পের উৎপাদনব্যবস্থা আন্তর্জাতিক সরবরাহশৃঙ্খলের ওপর নির্ভরশীল। প্রয়োজনীয় কাঁচামাল দেশের অভ্যন্তরে পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত না হওয়ায় আমদানি করতে হয়। চীন থেকে কাঁচামাল আমদানির ক্ষেত্রে আঞ্চলিক বাণিজ্য চুক্তির সুবিধাও রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে পোশাক তৈরির পর দেশটির বাজারে রফতানির ক্ষেত্রে শুল্কসুবিধা পাওয়ার বিষয়টিও এখনো পুরোপুরি কার্যকর হয়নি বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাক রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা থাকলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। বিষয়টি নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে আলোচনা হয়েছে। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাস্টমস বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে।’’

তিনি আরও বলেন, ‘‘যুক্তরাষ্ট্র থেকে সুতা আমদানির বিষয়েও চাপ রয়েছে। কিন্তু দেশটির সুতা তুলনামূলক ব্যয়বহুল। সেখান থেকে সুতা আমদানি করে পোশাক তৈরি করলে উৎপাদন ব্যয় অনেক বেড়ে যাবে। এমনিতেই সংকটে থাকা দেশের বস্ত্রশিল্পের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’’

শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধির চাপ

যুক্তরাষ্ট্রের শুল্কঝুঁকির পাশাপাশি দেশের পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষও উদ্যোক্তাদের উদ্বেগ বাড়িয়েছে। শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন মজুরি কাঠামো ঘোষণা হলেও গ্রেডভিত্তিক বেতন, জীবনযাত্রার ব্যয় এবং সুযোগ-সুবিধা নিয়ে শ্রমিকদের অসন্তোষ পুরোপুরি কাটেনি।

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের ফলে উৎপাদন ব্যয় বাড়বে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির কারণে রফতানি বাজারে প্রতিযোগিতা কঠিন হলে উদ্যোক্তাদের ওপর দ্বিমুখী চাপ তৈরি হবে। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলোর জন্য এই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে।

তবে অর্থনীতিবিদদের মতে, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং রফতানি প্রতিযোগিতা ধরে রাখাকে পরস্পরবিরোধী হিসেবে দেখার সুযোগ নেই। উৎপাদনশীলতা, প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে শ্রমিকের আয় এবং শিল্পের সক্ষমতা—দুটিই বাড়াতে হবে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের শিল্প খাতে কর ও নগদ সহায়তার উদ্দেশ্য ব্যাখ্যা করা জরুরি। এসব সুবিধা স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়া ও অভ্যন্তরীণ অর্থনীতি সচল রাখার জন্য, নির্দিষ্ট কোনো দেশের বাজারে অন্যায্য সুবিধা নেওয়ার জন্য নয়—এ বিষয়টি তথ্য-প্রমাণের মাধ্যমে তুলে ধরতে হবে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সেলিম রায়হান মনে করেন, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি বাংলাদেশের রফতানি  প্রতিযোগিতায় নতুন ঝুঁকি তৈরি করছে। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের বাজারের পাশাপাশি ইউরোপেও চীনা পণ্যের বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে পারে বাংলাদেশ। এ পরিস্থিতিতে রফতানি পণ্য ও বাজারের বৈচিত্র্য বাড়ানো জরুরি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা