জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইমামকে মিম্বর থেকে টেনেহিঁচড়ে নামানো, মুসল্লিদের ওপর হামলা, চুরি ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে মুফতি রুহুল আমিনকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পরিদর্শক মো. হাবিবুর রহমান।
ওই আবেদনে বলা হয়, এই মামলার গ্রেপ্তার আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঘটনার দিন তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত ছিলেন এবং তার সামনেই এই মামলার ঘটনা সংঘটিত হয়। এছাড়া মামলার বিষয়ে তিনি আরও কিছু তথ্য দিয়েছেন বলে তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে।
তদন্ত কর্মকর্তা আরও জানান, মামলাটির এজাহারে ৫৪ জনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। তাদের নাম, স্থায়ী ঠিকানাসহ অন্যান্য তথ্য সংগ্রহের কাজ চলছে। মামলার তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রুহুল আমিনকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তিনি।
গত ১৮ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের একটি বাসা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৯ নভেম্বর আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ আদায় করতে বায়তুল মোকাররম মসজিদে যান প্রবাসফেরত এক ব্যবসায়ী। নামাজের আগে ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় মুফতি রুহুল আমিনসহ অন্য আসামিরা মসজিদে প্রবেশ করে তাকে মিম্বর থেকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে আনেন। একই সঙ্গে তার হাত থেকে মাইক কেড়ে নেন।
এ ঘটনায় বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে অপর এক আসামি লোহার রড দিয়ে এক মুসল্লির ডান চোখে আঘাত করেন। এতে তার চোখ গুরুতর জখম হয়।
এ ছাড়া অন্য আসামিদের হামলায় আরও ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। হামলাকারীরা ওই মুসল্লির পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যান এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ওই ঘটনায় হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান নামে এক প্রবাসী বাদী হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করেন। মামলায় রুহুল আমিনসহ অন্যদের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীও ছিলেন।