November 27, 2026, 3:19 pm

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ লিখে মিছিলের ঘোষণা, ২০ মিনিটেই সড়কে ছাত্রলীগ, আটক ২০

চট্টগ্রাম নগরে ফেসবুকে মিছিলের ঘোষণা দেওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করেছেন। এ সময় পুলিশের ধাওয়ায় ২০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা দুইটার দিকে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নগর শাখার যুগ্ম আহ্বায়ক পরিচয় দেওয়া ইসতেকবার হোসাইন বেলা ১টা ৪০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ঘোষণা দিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘কিছুক্ষণের মধ্যে বীর চট্টলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মিছিল হবে, পারলে ঠেকাইস।’

পোস্ট দেওয়ার প্রায় ২০ মিনিট পর, জুমার নামাজ শেষে বেলা দুইটার দিকে সিনেমা প্যালেস এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। একপর্যায়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন তারা।

এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। পাশাপাশি যুবদলের কয়েকজন নেতাকর্মীও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করেন। পরে আশপাশের বিভিন্ন গলি ও এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। এদিকে, মিছিলের ঘোষণা দেওয়া ইসতেকবার হোসাইন পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ছবিও পোস্ট করেন।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান বলেন, জুমার নামাজের পর নাশকতার আশঙ্কায় পুলিশ আগে থেকেই বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিল। এ সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ২০ জনকে আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোতোয়ালি থানার শাহ আমানত (রা.) মাজার থেকে ককটেলসদৃশ বস্তুসহ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন নগরের চান্দগাঁও থানা ছাত্রলীগের কর্মী আবদুল্লাহ আল মাইন ও পাঁচলাইশ থানা ছাত্রলীগের কর্মী আশরাফুল ইসলাম।

পুলিশের ভাষ্য, নাশকতার উদ্দেশ্যে ককটেলসদৃশ বস্তু নিয়ে তারা মাজারের ভেতরে অবস্থান করছিলেন। উল্লেখ্য, মাজারটির পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অবস্থিত।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা