জামালপুরের ইসলামপুরে পূর্ববিরোধের জেরে অমৃত দাশ (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাশেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দুর্গম মন্নিয়ার চর এলাকার খাটিয়ামারী বাজারে নিজের দোকানে হামলার শিকার হন অমৃত দাশ। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত অমৃত দাশ মন্নিয়ার চর এলাকার অমল দাশের ছেলে। খাটিয়ামারী বাজারে তার একটি স্বর্ণের দোকান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ফজল শেখের ছেলে রাশেদের সঙ্গে অমৃত দাশের আগে থেকেই বিরোধ ছিল। গত কয়েক দিন ধরে তাদের মধ্যে কথা-কাটাকাটিও চলছিল। শুক্রবার সকালে রাশেদ অমৃতের দোকানে গিয়ে ধারালো অস্ত্র (শুম) দিয়ে তার চোখের ওপরে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন রাশেদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শুক্রবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পূর্ববিরোধের জেরে অমৃত দাশ ও রাশেদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদ ধারালো অস্ত্র দিয়ে অমৃতকে আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মোহাম্মদ আসাদ :