November 27, 2026, 3:11 pm

নোবিপ্রবির মালেক উকিল হল ডাইনিং এ শিশু নির্যাতনের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযুদ্ধা আব্দুল মালেক উকিল হলের ডাইনিংয়ে অপ্রাপ্তবয়স্ক কর্মচারী মামুনকে শারীরিকভাবে প্রহারের অভিযোগ উঠেছে ডাইনিং ম্যানেজার আনোয়ার শাহাদাত শিশিরের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটিকে থাপ্পড় মারার কথা স্বীকার করেছেন অভিযুক্ত ম্যানেজার। বিষয়টি জানার পর তাঁকে সরিয়ে দেওয়ার জন্য প্রভোস্টকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিশুটির মা স্বপ্না বেগম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৬ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে হলের ডাইনিংয়ে তাঁর সন্তানকে মারধর করেন ম্যানেজার শিশির। এতে শিশুটি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

নির্যাতনের শিকার শিশুটি বলে, “ডাইনিংয়ের সবাই আমাকে মারে। আমি খেতে বসেছিলাম, তখন ও আমাকে মেরেছে। সকাল সকাল উঠতে পারি না বলে আমাকে জোরে জোরে চিল্লায়। আমি শিশির মামাকে বলেছিলাম, আমার আম্মু আসতেছে। আমি আর কাজ করব না, চলে যাব। তখন উনি বলেন, ‘যা, কাজ কর।’ আমি বলেছি, ‘করব না, আমি চলে যাব।’ পরে শিশির মামা আমাকে দুই লাথি মেরেছে।”

শিশুটির মা স্বপ্না বেগম বলেন, “আমার ছোট ছেলেটা উনার কাছে থাকে। ছেলের ভালো-মন্দ জানার জন্য ফোন দিলেও ঠিকমতো কথা বলতে পারি না। ছেলের সঙ্গেও কথা বলিয়ে দিতে চান না। ছেলের বেতনের টাকাও পুরোপুরি দেননি। বিভিন্ন সময় টাকা কেটে রাখা হয়েছে এবং বাকি টাকা দেওয়ার কথা বলে ঘুরিয়েছেন। জিনিসপত্র ভাঙার অভিযোগেও ছেলের কাছ থেকে টাকা কেটে রাখা হয়েছে। সেখানে গিয়ে জানতে পারি, আমার ছেলে ভাত খেতে বসলেও তাকে মারধর করা হয়।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডাইনিং ম্যানেজার আনোয়ার শাহাদাত শিশির বলেন, “সে সবার সঙ্গেই খারাপ ব্যবহার করে। গতকাল তাকে তেল ও ডিম আনতে এবং প্লেট তুলতে বললে সে বলে, ‘পারব না, আপনার কাজ আপনি করেন।’ বারবার বোঝানোর পরও তার আচরণের পরিবর্তন হয়নি। বিষয়টি আমার মাইন্ডে ও ইগোতে লেগেছে। সবার সঙ্গে বেয়াদবি করা এক বিষয়, আর আমার সঙ্গে করা আরেক বিষয়। তখন রাগের মাথায় তাকে একটা-দুইটা থাপ্পড় দিয়েছি। তবে কাউকে মারার অধিকার আমার নেই।”

তিনি আরও বলেন, “আমি তাকে নিজের ছেলের মতো দেখেছি। খাওয়া-দাওয়া, জুতা-কাপড় ও অসুস্থ হলে ওষুধের ব্যবস্থাও করেছি। এখন আমার সেই মমতার বিষয়গুলো সামনে আসছে না, শুধু গায়ে হাত তোলার বিষয়টিই সামনে আসছে।লাথিটা যদি সিরিয়াসভাবে মারতাম, তাহলে ও কি সেটা সহ্য করতে পারত? আগেও ওকে ইটভাটায় কাজে দেওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে সে এখানে চলে এসেছিল। তার ব্যবহারের জন্য তাকে বেশ কয়েকবার ফেরত পাঠালেও বারবার ফিরে এসেছে। তাই আমার মনে হয়, সে টুডে অর টুমোরো আবার আসবে।”

এ বিষয়ে আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সম্পর্কে উপাচার্য স্যারও অবগত আছেন। তিনি ম্যানেজারকে হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত। ম্যানেজার শিশিরকে সরিয়ে দেওয়ার জন্য প্রভোস্টকে নির্দেশ দিয়েছি। বাকি ব্যবস্থা আমি এসে নেব।”

সেলিনা জিন্নাত ঐশী, নোবিপ্রবি (নোয়াখালী) :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা