যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন গমের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি গমের দাম পড়বে ৪৩ টাকা ৩৮ পয়সা।
বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গম আমদানির এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত ৪ লাখ ৪০ হাজার টনের পাশাপাশি প্রয়োজনে আরও ১০ শতাংশ অতিরিক্ত গম আমদানির সুযোগ রাখা হয়েছে। এ গম সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।