নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাসহ বিভিন্ন অভিযোগে মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ৯ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ জন এবং মাদকসেবী হিসেবে ৬ জন রয়েছেন।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন— সাবেক ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত নির্মল কুমার সাহা (৫০), কাঁচপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য হিসেবে পরিচিত মোঃ আঃ আজিজ (৫৫) এবং শম্ভুপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হিসেবে পরিচিত মিনার হোসেন (৪৫)।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ছয়জন হলেন— মোঃ নজরুল ইসলাম (৩২), মোঃ সজিব (২৬), মোঃ ছানোয়ার হোসেন (৩২), কাউছার (২২), শাহ পরান (২৮) ও শফিকুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার: