রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. নয়ন নামে এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত আইনজীবী নয়নকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় রাজীব বোস নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন উপস্থিত আইনজীবী ও স্থানীয়রা।
সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই আইনজীবী ও স্থানীয়রা রাজীব বোসকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল সাংবাদিকদের বলেন, সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রকৃত ঘটনা ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, বিস্ফোরণের খবর পেয়ে ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে যান। এ সময় সমিতির দপ্তর সম্পাদক মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করেন, স্বৈরাচারী হাসিনার দোসররা আদালত অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছেন।