যশোরের মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গঠন এবং এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মনিরামপুর প্রেসক্লাব। শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় মনিরামপুর প্রেসক্লাবের সামনে সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের সুযোগ নিয়ে একটি শ্রেণি ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছে। তাদের কারও কারও বিরুদ্ধে বিভিন্ন সম্মানিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা, মানহানি এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ উঠছে। এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকতার নীতি, পেশাগত মর্যাদা ও দায়িত্বশীল সংবাদচর্চাকে প্রশ্নবিদ্ধ করছে। এর ফলে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকদের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সম্পাদক তরিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা সভাপতি হামিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, কম্পিউটার শিক্ষক সমিতির সম্পাদক শরিফুল ইসলাম, পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের সভাপতি সন্তোষ স্বর ও সম্পাদক সন্তোষ রায় এবং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সম্পাদক কামরুজ্জামান।
এ ছাড়া বক্তব্য দেন মনিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক আব্বাস উদ্দিন, সহসভাপতি ইলিয়াস উদ্দিন, জিএম ফারুক আলম, অধ্যাপক হোসাইন নজরুল হক, অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার, আসাদুজ্জামান রয়েল ও যুগ্ম সম্পাদক অশোক বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও সম্মানজনক পেশা। এ পেশার পরিচয় ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল, ভয়ভীতি প্রদর্শন কিংবা কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে দায়িত্বশীল সাংবাদিকতা সম্পর্কে সচেতনতা তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
মনিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন জানান, অপ-সাংবাদিকতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামীকাল রোববার (৮ নভেম্বর) যশোরের পুলিশ সুপার ও মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
জেমস আব্দুর রহিম রানা, যশোর প্রতিনিধি: