September 21, 2026, 5:11 pm

ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করছে সিএনএন সহ ৩ সংবাদমাধ্যম। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে প্রবেশ নিষেধাজ্ঞার প্রতিবাদে আদালতে যাচ্ছে CNN, Politico ও MS NOW

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দেওয়া হোয়াইট হাউসে প্রবেশ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছে দেশটির তিন প্রভাবশালী সংবাদমাধ্যম CNN, Politico ও MS NOW। নিজেদের সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের অধিকার রক্ষায় যৌথভাবে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

গত শুক্রবার হঠাৎ করে সংবাদমাধ্যম তিনটির সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এসব সংবাদমাধ্যম সরকারবিরোধী ‘বানানো গল্প’ ও মিথ্যা তথ্য প্রচার করছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরদিন সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রবেশপত্র বাতিল করে হোয়াইট হাউসে ঢুকতে দেওয়া হয়নি।

এর প্রতিবাদে এক যৌথ বিবৃতিতে সংবাদমাধ্যম তিনটি জানায়, কোনো নিয়ম ভঙ্গের অভিযোগ ছাড়াই শুধু প্রশাসনের অপছন্দের সংবাদ প্রকাশের কারণে তাদের সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধানে সুরক্ষিত সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। সরকারের পক্ষ থেকে সাংবাদিকরা কোন খবর প্রকাশ করবেন বা করবেন না, তা নির্ধারণ করে দেওয়ার সুযোগ থাকা উচিত নয় বলেও তারা উল্লেখ করেছে।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে মার্কিন সংবাদমাধ্যমগুলোর বিরোধ অবশ্য নতুন নয়। এর আগে নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন সংবাদমাধ্যমকে ট্রাম্প ‘ভুয়া খবরের’ উৎস হিসেবে সমালোচনা করেছেন।

এর আগে ‘মেক্সিকো উপসাগর’ নাম ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাংবাদিকদের ওপরও হোয়াইট হাউসে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলাটিও এখনো চলমান রয়েছে।

এবার CNN, Politico ও MS NOW একই ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে একসঙ্গে আইনি লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা