September 19, 2026, 9:02 am

লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

লং মার্চের পর ‘অস্থিরতা’, জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান শফিকুর রহমানের

ঢাকা থেকে চট্টগ্রামমুখী প্রথম দফার লং মার্চ সফল হওয়ার পর সংশ্লিষ্টদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত দুই দিনে রাজধানীতে অস্থিরতার কিছু লক্ষণও দেখা গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আজকে আমাদের দ্বিতীয় দফার লং মার্চ। প্রথম দফা ঢাকা থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর মেহেরবানীতে সেটি সফল হয়েছে। এতে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরমের কিছু লক্ষণ গত দুই দিন ধরে রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি।’

তিনি সংশ্লিষ্টদের প্রতি হতাশ না হয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘হতাশ হয়ে মাথা গরম করবেন না। বরঞ্চ জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন।’

বর্তমান আট দফা দাবি ভবিষ্যতে আরও বাড়তে পারে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘আজকে আট দফা, মনে রাখবেন, এটা নয় দফা হতে পারে, ১০ দফা হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটা এক দফায় পরিণত হতে পারে।’

দাবিগুলো এক দফায় পরিণত হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এক দফায় যখন পরিণত হবে, তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। আমরা বলি, সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন।’

দাবি মেনে না নিলে কোনো ধরনের ষড়যন্ত্র বা চক্রান্ত করে আন্দোলন বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘যদি দাবি মানতে ব্যর্থ হন, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি, কোনো চক্রান্ত-ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। আমরা কোনো কিছুকেই পরোয়া করব না। কারণ আমরা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি।’

১১ দলীয় জোটের সঙ্গে দেশের ১৮ কোটি মানুষের সমর্থন রয়েছে দাবি করে তিনি বলেন, ‘আজকে ১৮ কোটি মানুষ ১১ দলের সঙ্গে আছে। সেই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’

আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা জনগণকে কথা দিচ্ছি, এ লড়াই শুরু হয়েছে। দাবি আদায় করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা