চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশের ৬২ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবনে এ অভিযান চালানো হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালানোর পর আটক ব্যক্তিদের খুলশী থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, জব্দ করা ডিভাইসের মধ্যে ৬৮টি ল্যাপটপ ও ৬৫টি মুঠোফোন রয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের আরও ৩৭টি ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও থানা-পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। আটক ব্যক্তিদের পরিচয় এবং বাংলাদেশে অবস্থানের উদ্দেশ্য যাচাই করা হচ্ছে।
তিনি বলেন, আটক ব্যক্তিদের ব্যবহৃত ডিভাইসগুলোতে থাকা তথ্যও যাচাই-বাছাই করা হচ্ছে। এসব তথ্য বিশ্লেষণের জন্য ঢাকাসহ সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞদের একটি দল চট্টগ্রামে আসছে।
ওসি জানান, বিশেষজ্ঞদের সহায়তায় জব্দ করা ডিভাইসের তথ্য বিশ্লেষণের পর বিস্তারিত তথ্য জানা যাবে। যাচাই-বাছাই শেষে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে বিষয়টি বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে অনলাইনভিত্তিক প্রতারণার অভিযোগে ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচজন চীনের এবং একজন তাইওয়ানের নাগরিক ছিলেন। ওই অভিযানে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপসহ বিপুল পরিমাণ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়।