ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোলায়েম হোসেন (৪৮) নামে এক আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোলায়েম হোসেন ভায়না ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি কালীশংকরপুর গ্রামের আবুল মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন এবং চরমপন্থী দলের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে মোলায়েম হোসেন দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে পাশের আব্দালপুর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথে হরিশংকরপুর গ্রামের একটি স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। মোটরসাইকেল থামার পর দুর্বৃত্তরা মোলায়েমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী শিল্পী খাতুন জানান, তার স্বামীর শরীরে অন্তত ২০টি কোপের চিহ্ন রয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় মোলায়েম হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।