মোহাম্মদ আসাদ:
জামালপুরের বকশীগঞ্জে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ২০ জুলাই রাতে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সলই মন্ডল পাড়া গ্রামের আসলাম হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে একই গ্রামের তালাকপ্রাপ্ত ওই নারীকে তার বাবার বাড়িতে ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় আসলাম হোসেনকে প্রধান আসামি করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত আসলাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চার লাখ টাকা জরিমানা করেন।