ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এসব চুক্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শুক্রবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, দেশের স্বার্থবিরোধী ও অনৈতিক বিভিন্ন চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বর্তমান সরকার। বিএনপি সরকারের মূলনীতি হলো, ‘সবার আগে বাংলাদেশ’। দেশের স্বার্থ রক্ষার পরই অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও কোনো বন্ধুদেশের দুটি জাহাজ একসঙ্গে এলে বন্ধুদেশের জাহাজ আগে খালাস হবে, এমন ব্যবস্থাও আগের সরকারের সময়ে করা হয়েছিল। দেশের স্বার্থবিরোধী এমন অসংখ্য চুক্তি করা হয়েছে। এসব চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার।
ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ না জানানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন চিফ হুইপ। তিনি বলেন, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ না জানানো দুঃখজনক।
দেশের উন্নয়ন প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, ‘এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দেশকে স্বাবলম্বী করতে চাই। এ জন্য যা যা করা দরকার, আমরা তাই করব।’