প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, একটি ঘরে পেট্রল ছিটিয়ে আগুন দেওয়ার পর তা দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মো. সোহেল (৪০) নামে এক ব্যক্তিকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারসংলগ্ন আশহক ব্যাপারীবাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ঘরগুলোর আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়।
পুলিশের কাছে সোপর্দ করা সোহেল ওই এলাকার বাসিন্দা। অগ্নিকাণ্ডে তার নিজের ঘরও পুড়ে গেছে। স্থানীয়দের মারধরে আহত হওয়ার পর তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে সোহেলের ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, তিনি নিজের ঘরে পেট্রল ছিটিয়ে আগুন দেন। পরে মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত কৃষক ছিদ্দিক উল্যাহ বলেন, সোহেলের ঘরে আগুন লাগার পর তা দ্রুত তাদের ঘরেও ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এমনকি ঘর থেকে এক মুঠো চাল বা একটি কাপড়ও বের করার সুযোগ পাননি তারা।
আরেক ক্ষতিগ্রস্ত বাসিন্দা আহসান উল্লাহ বলেন, আগুনে তাদের ঘরের সবকিছু পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেননি। পরিবার নিয়ে এখন কোথায় থাকবেন এবং কীভাবে নতুন করে ঘর তুলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও লক্ষ্মীপুরের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকালেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম শাহজালাল কিসমত বলেন, সোহেল নিয়মিত মাদক সেবন করেন বলে স্থানীয়ভাবে জানা যায়। নেশাগ্রস্ত অবস্থায় তিনি পেট্রল দিয়ে নিজের ঘরে আগুন দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। পরে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
রায়পুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ সৈয়দ আহমেদ বলেন, পুড়ে যাওয়া ঘরগুলো টিনের তৈরি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আগুনে মোট ১১টি ঘর পুড়ে গেছে। স্থানীয়দের মারধরের পর সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।