August 22, 2026, 11:10 am

২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজার ৪৯২ জন

২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজার ৪৯২ জন

২০২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আনুমানিক ২০ হাজার ৪৯২ জন সদস্য অনিচ্ছাকৃত যৌন সংস্পর্শ বা যৌন নিপীড়নের শিকার হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) প্রকাশিত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুই বছর আগের তুলনায় এ সংখ্যা প্রায় ৮ হাজার ৫০০ কমেছে। সক্রিয় সামরিক সদস্যদের মধ্যে নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই যৌন নিপীড়নের হার কমেছে। সক্রিয় নারী সদস্যদের মধ্যে ২০২৩ সালে যৌন নিপীড়নের আনুমানিক হার ছিল ৬ দশমিক ৮ শতাংশ, যা ২০২৫ সালে কমে ৪ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। পুরুষ সদস্যদের ক্ষেত্রে এ হার ১ দশমিক ৩ শতাংশ থেকে কমে ১ শতাংশ হয়েছে।

মার্কিন কংগ্রেসের নির্দেশনা অনুযায়ী প্রকাশ করা ২০২৫ অর্থবছরের সামরিক বাহিনীতে যৌন নিপীড়নবিষয়ক বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে ২০২৫ সালের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা জরিপের ফলও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সামরিক বাহিনীতে অনিচ্ছাকৃত যৌন সংস্পর্শ, যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক বৈষম্যের মাত্রা নিরূপণ করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সামরিক বাহিনীতে যৌন হয়রানির হারও কমেছে। নারী সদস্যদের মধ্যে ২০২৩ সালে এ হার ছিল ২৪ দশমিক ৭ শতাংশ, যা ২০২৫ সালে কমে ১৭ দশমিক ৫ শতাংশ হয়েছে। পুরুষ সদস্যদের ক্ষেত্রে হার ৫ দশমিক ৮ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৪ শতাংশে নেমেছে।

যদিও যৌন নিপীড়নের ঘটনা কর্তৃপক্ষকে জানানোর হার বেড়েছে। ২০২৩ সালে আনুমানিক ২৫ শতাংশ ঘটনা সরকারি প্রক্রিয়ায় জানানো হয়েছিল, যা ২০২৫ সালে বেড়ে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেশি সংখ্যক ঘটনা জানানো গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত সদস্যরা চিকিৎসা ও মানসিক সহায়তা পেতে পারেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা