August 23, 2026, 11:40 am

মেহেরপুরের ‘বোমা হোসেন’ কুমিল্লায় গ্রেপ্তার, বাড়িতে উদ্ধার ককটেল সদৃশ বস্তু

মেহেরপুরের ‘বোমা হোসেন’ কুমিল্লায় গ্রেপ্তার, বাড়িতে উদ্ধার ককটেল সদৃশ বস্তু

মেহেরপুরের গাংনীতে বিভিন্ন সময়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় মো. হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’ (৫০) নামে এক ব্যক্তিকে কুমিল্লার নাঙ্গলকোট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাংনীর পূর্ব মালসাদাহ গ্রামের নিজ বাড়ি থেকে দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হোসেন আলী গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামের মৃত ওহিল উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে এসব ঘটনার সঙ্গে হোসেন আলীর সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া যায়।

তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাংনীর পূর্ব মালসাদাহ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার দেখানো স্থান থেকে দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্তের ধারাবাহিকতায় হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ সাতটি জিআর ওয়ারেন্ট রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা