সুনামগঞ্জের দিরাইয়ে বিজিবির সদস্য পরিচয়ে আবাসিক হোটেলে অবস্থান করে চুরি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে হোটেল থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সাইফুর রহমান রুনেল (৩৯)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে। পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাইফুর রহমান ১৫ আগস্ট দুপুরে নিজেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন।
হোটেলে অবস্থানকালে তিনি মাঝে মাঝে বাইরে যাতায়াত করতেন এবং বিজিবির লোগোযুক্ত পোশাক পরতেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলকর্মীর কাছে কাজের কথা বলে চলে যান। তবে তার ট্রাভেল ব্যাগ নিয়ে বের হওয়ার কারণে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়।
হোটেল ম্যানেজার কক্ষটি খুলে ভেতরে প্রবেশ করলে সেখানে একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, বাথরুমের একটি মিরর, একটি বেসিন সেলফ ও একটি তোয়ালে নেই দেখতে পান। পরে হোটেল মালিক শাহ জাকারিয়া চৌধুরী ও সাক্ষী মো. আব্দুল কাইয়ুম সাইফুর রহমানকে আটক করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুর রহমান সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন এবং চুরির বিষয়টিও স্বীকার করেন। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় চুরি ও প্রতারণার অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং সাইফুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।