বরিশালের মেহেন্দীগঞ্জে ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করায় ফাঁকা বাড়িতে চুরি হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে বাড়ি ফিরে ভুক্তভোগী পরিবার দেখতে পান, পেছনের দরজা ভেঙে ঘরের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা।
ভুক্তভোগী হাবিবুর রহমান সরদার (৫০) গত ২০ দিন ধরে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছেন। তার ছেলে রায়হান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হওয়ায় বাবার চিকিৎসার জন্য তাকে ঢাকায় থাকতে হচ্ছে। এ সুযোগে চোরেরা RTR 2V মোটরসাইকেল, পানি তোলার মোটরপাম্প, নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার, রাইসকুকার ও নতুন কাপড়চোপড় চুরি করে নিয়ে যায়। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা মাছ-মাংসও নষ্ট হয়ে গেছে।
রায়হান বলেন, "আমরা হাসপাতালে বাবার জীবন বাঁচানোর লড়াই করছি। আর এই ফাঁকে চোরেরা আমাদের শেষ সম্বলটুকুও নিয়ে গেছে। এখন বাবার চিকিৎসা চালাব কীভাবে।"
স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান রাঢ়ী বলেন, "একজন ক্যান্সার রোগীর পরিবার এমনিতেই কঠিন যুদ্ধের মধ্যে আছে। এর মধ্যে বাড়িতে চুরি অমানবিকতা। প্রশাসনের কাছে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।"
মেহেন্দীগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, "আমরা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"