August 19, 2026, 7:41 am

সোশ্যাল মিডিয়ায় ৫০০ টাকায় ‘প্রেমিক ভাড়া’র বিজ্ঞাপন, সতর্ক হায়দ্রাবাদ পুলিশ

সোশ্যাল মিডিয়ায় ৫০০ টাকায় ‘প্রেমিক ভাড়া’র বিজ্ঞাপন, সতর্ক হায়দ্রাবাদ পুলিশ

ভারতে সোশ্যাল মিডিয়ায় ‘প্রেমিক ভাড়া’ দেওয়ার বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে, ‘আপনার কি বয়ফ্রেন্ড চাই… আমরা ভাড়া দেব।’ এই বিজ্ঞাপনগুলোর মাধ্যমে নারীদের সঙ্গে প্রতারণার কৌশল লুকিয়ে রয়েছে বলে জানিয়েছে হায়দ্রাবাদ পুলিশ।

বিজ্ঞাপনগুলোতে একাকীত্ব কাটানো, কফি খাওয়া, সিনেমা দেখা, শপিং ও বিয়ের অনুষ্ঠানে সঙ্গী হিসেবে তরুণ ভাড়া নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। কিছু বিজ্ঞাপনে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের কথাও উল্লেখ করা হয়েছে। কফি আড্ডা থেকে শুরু করে ১০ ঘণ্টার ফুল-ডে প্যাকেজের জন্য ৪৯৯ টাকা থেকে ৪ হাজার ৪৯৯ টাকা পর্যন্ত বিভিন্ন রেট উল্লেখ করা হয়েছে।

হায়দ্রাবাদ পুলিশ কমিশনার ভিসি সজ্জনার বলেন, এটি সাইবার অপরাধীদের একটি নতুন ডেটিং ফাঁদ, যা বিশেষ করে তরুণীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। তদন্তে জানা গেছে, বিজ্ঞাপনে দেখানো ছেলেদের ছবিগুলো বাস্তবের নয়, বরং এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।

তিনি জানান, নারীদের বিবরণ পাঠানোর পর তাদের সঙ্গে কথা বলে প্রভাবিত করার চেষ্টা করা হয়। বুকিং নিশ্চিত হলে অগ্রিমের নামে টাকা সংগ্রহ করা হয়, পরে তারা অ্যাকাউন্টগুলো ব্লক করে উধাও হয়ে যায়। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ভুক্তভোগীরা সরাসরি অভিযোগ জানায়নি।

সজ্জনার আরও বলেন, এই ধরনের প্রতারণার বিষয়ে সতর্ক না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা বাড়তে পারে। তিনি জনগণকে এ ধরনের সাইবার অপরাধের শিকার হলে অবিলম্বে পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দেন।

ভারতে প্রতি বছর সাইবার অপরাধ বাড়ছে। ২০২২ সালে ৬৫,৮৯৩টি সাইবার অপরাধ নথিভুক্ত হয়েছিল, ২০২৩ সালে তা বেড়ে ৮৬,৪২০টি হয়েছে। ২০২৪ সালে ১,০১,৯২৮টি সাইবার অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ১৮,৬১৫টি ঘটনা নারীদের সঙ্গে ঘটেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা