August 19, 2026, 10:43 am

নারীদের জন্য ১৪ রুটে পিংক বাস সার্ভিস চালু

নারীদের জন্য ১৪ রুটে পিংক বাস সার্ভিস চালু

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, নারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বাড়ানো হবে।

মন্ত্রী বলেন, নারী যাত্রীদের যাতায়াতের পরিবেশ উন্নত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা সরকার করবে। তিনি উল্লেখ করেন, নারীদের জন্য চালু করা এই বিশেষ বাসসেবা যেন কয়েক মাস পর হারিয়ে না যায়, সেটি নিশ্চিত করা জরুরি।

বিআরটিসি জানিয়েছে, মোট ১৪টি বিশেষ বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। ঢাকার ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে দুটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলবে।

মন্ত্রী আরও জানান, ২০০টি ই-বাসের মধ্যে ১০০টি নারীদের জন্য বিভিন্ন রুটে রাখা হচ্ছে। ভবিষ্যতে অন্যান্য বিভাগেও এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা