August 18, 2026, 9:14 am

৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য নেই: কারা মহাপরিদর্শক

৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য নেই: কারা মহাপরিদর্শক

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৬৯০ জন বন্দি এখনো পলাতক রয়েছেন। এ তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি বলেন, তাদের মধ্যে ১৬৬ বন্দির তথ্য খুঁজে পাচ্ছে না কারাগার কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর বকশীবাজার কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। কারা মহাপরিদর্শক জানান, ২০২৪ সালে ২২৪৭ বন্দি কারাগার ভেঙে পালিয়ে গিয়েছিল, যার মধ্যে ৬৯০ জন এখনও পলাতক রয়েছে। নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ বন্দির মধ্যে ১৬৬ জনের তথ্য পাওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, কারাগার থেকে নয়জন জঙ্গি বন্দি পালিয়েছিল, যার মধ্যে ৬ জন গ্রেপ্তার হয়েছে এবং ৩ জন এখনও পলাতক। কারাগারে বন্দিদের সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি হওয়ায় আবাসন সমস্যা সৃষ্টি হয়েছে, ফলে জঙ্গিদের আলাদা করে রাখা সম্ভব হচ্ছে না।

কারা মহাপরিদর্শক বলেন, কারাগার পরিচালনার পাশাপাশি বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের জন্য আধুনিক সেবা গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। তিনি গত ২৪ জুন থেকে ময়মনসিংহ জেলা কারাগারকে ‘ক্যাশলেস’ কারাগার হিসেবে পরিচালনার উদ্যোগের কথা উল্লেখ করেন, যা স্বচ্ছতা নিশ্চিত করবে।

জনবল সংকট নিরসনের জন্য এক হাজার ৮৯৯টি নতুন পদ অনুমোদন করা হয়েছে এবং আরও এক হাজার ৫০০টি পদের চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে অনিয়ম ও দালাল চক্রের সুযোগ কমে। নতুন কারাগার চালুর উদ্যোগও নেওয়া হয়েছে, ইতোমধ্যে দুটি কেন্দ্রীয় ও আটটি জেলা কারাগার চালু করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা