November 14, 2026, 4:36 pm

লোডশেডিংয়ে বন্ধ এয়ার ফ্লো মেশিন, পচছে মানিকগঞ্জের পেঁয়াজ

লোডশেডিংয়ে বন্ধ এয়ার ফ্লো মেশিন, পচছে মানিকগঞ্জের পেঁয়াজ

মানিকগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পেঁয়াজ সংরক্ষণে বিপাকে পড়েছেন প্রায় সাড়ে চারশো চাষি। বিদ্যুৎ না থাকায় এয়ার ফ্লো মেশিন বন্ধ থাকায় সংরক্ষণাগারে বাতাস চলাচল স্বাভাবিক হচ্ছে না। এর ফলে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে এবং দ্রুত পচে নষ্ট হচ্ছে মজুত করা পেঁয়াজ। কৃষকরা জানিয়েছেন, ইতোমধ্যে কয়েকশ মণ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৪৫০ জন চাষির মধ্যে আধুনিক এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়। চলতি মৌসুমে পেঁয়াজের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় অনেক কৃষক পরবর্তী সময়ে ভালো দামে বিক্রির আশায় পেঁয়াজ সংরক্ষণ করেছিলেন। তবে লোডশেডিংয়ের কারণে মেশিনগুলো নিয়মিত চালানো সম্ভব হচ্ছে না, ফলে পেঁয়াজে পচন ধরছে।

হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার কৃষক মো. সুমন মেম্বার বলেন, বিদ্যুৎ সংকটের কারণে তার সংরক্ষিত পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, যা তাকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলছে। ঝিটকা পেঁয়াজ হাটের সহ-সভাপতি মো. বাবুল মিয়া জানান, অনেক কৃষক বাধ্য হয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করছেন। কিছুদিন আগে প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৪২ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কৃষকরা বলছেন, বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দ্রুত সমাধান না হলে আধুনিক সংরক্ষণ ব্যবস্থার সুফল পাওয়া সম্ভব হবে না। তারা বিকল্প বিদ্যুৎ বা সৌরশক্তির ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ বলেন, এয়ার ফ্লো মেশিন দীর্ঘমেয়াদে পেঁয়াজ সংরক্ষণে কার্যকর। তবে লোডশেডিংয়ের কারণে মেশিন পরিচালনায় সমস্যা হচ্ছে। কৃষকদের ক্ষতি কমানোর উপায় খুঁজে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা