রাজধানীর বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ সোমবার, রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন।
খায়রুল হকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী মোনায়েম নবী শাহীন।
এর আগে, গত ১০ আগস্ট হাইকোর্ট জামিন প্রদান করেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ রুলসহ জামিন দেন।
২০২৫ সালের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হক গ্রেফতার হন। পরে তাকে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায়ও গ্রেফতার দেখানো হয়।