জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ যে কোনো দিন রায় ঘোষণা করবে।
সোমবার (১৭ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন সম্পন্ন হয়। প্রসিকিউটর মিজানুল ইসলাম অভিযোগ করেন, জুলাই আন্দোলনকালে রাষ্ট্রীয় বৈঠকে হত্যার ষড়যন্ত্র করা হয় এবং ওবায়দুল কাদেরের নির্দেশে গুলি চালানো হয়।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী এম হাসান ইমাম দাবি করেন, জনগণের জানমাল রক্ষায় শুট অ্যাট সাইটের নির্দেশ দেওয়া হয়েছিল এবং তার মক্কেলরা কোনো কমান্ডিং পজিশনে ছিলেন না। ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে যুক্তি খণ্ডন করেন আইনজীবী ইশরাত জাহান।
তিনি বলেন, আন্দোলন দমনে তার মক্কেলদের নাম আসেনি এবং সাক্ষ্যপ্রমাণে নারীদের আহত হওয়ার বিষয়টি সন্দেহজনক। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম পাল্টা যুক্তি দিয়ে আসামিদের অপরাধ তুলে ধরেন।
গত ৪ আগস্ট এ মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হয়। মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগের পক্ষে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন।