চলতি বছরেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, পে-স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে এবং পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হলে তা জানানো হবে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
পে কমিশনের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘পে-কমিশনের অনেকগুলো দিক আছে। সবগুলো বিবেচনা করা হচ্ছে। আজ এ নিয়ে আলোচনা হয়েছে। তবে আরও আলোচনা প্রয়োজন। পরে আবার বৈঠক হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল হবে। তবে পে-স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি নিয়ে সরকার কী পদ্ধতি অবলম্বন করবে, সে বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তের পর জানানো হবে।’
এদিকে একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকারের ১৮০ দিনের কার্যক্রম এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সরকার সক্ষম হয়েছে, তবে জনপ্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় লাগবে।