August 17, 2026, 7:12 am

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘বাচ্চু রাজাকারের’ আপিল শুনানি চলছে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘বাচ্চু রাজাকারের’ আপিল শুনানি চলছে

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আবুল কালাম আযাদের (বাচ্চু রাজাকার) করা আপিলের শুনানি চলছে। সোমবার (১৭ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগে এ শুনানি শুরু হয়।

গত ১০ আগস্ট রাষ্ট্রপক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ আবুল কালাম আযাদের করা আপিল শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি করে। আপিলকারী পক্ষের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১৩ বছর আগে দেওয়া রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনার আবেদনসহ ৬ জুলাই আপিল করা হয়। এতে ৪ হাজার ৯১৫ দিন বিলম্ব মার্জনা চাওয়া হয়েছে এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডের সাজা স্থগিতের আবেদন করা হয়েছে।

আবুল কালাম আযাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিকী ও আইনজীবী মীর ওসমান বিন নাসিম, অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর জানান, পেপারবুক না থাকায় শুনানি মুলতবি চাওয়া হয়, যা আদালত মঞ্জুর করেছে।

আবুল কালাম আযাদকে ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন। তিনি পলাতক ছিলেন এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর দেশে ফেরেন। মৃত্যুদণ্ডাদেশের ১৩ বছর পর চলতি বছরের ২১ জানুয়ারি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয় এবং ২০১৩ সালে আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট আটটি অভিযোগ আনা হয়, যার মধ্যে সাতটিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা