আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা মানবাধিকার নিশ্চিত করার অংশ। শনিবার (১৫ আগস্ট) সকালে গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক-সিডিএম-এ অনুষ্ঠিত ‘Accelerating Digital Legal Aid Services in Bangladesh’ প্রকল্পের সমন্বয় সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সভায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ডিজিটাল আইনি সহায়তা পৌঁছানোর বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। ৯টি জেলায় ৫৭টি উপজেলা এবং ৪১৩টি ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে। এসব কমিটিকে তৃণমূল পর্যায়ে আইনি সহায়তা পৌঁছানোর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচারে প্রবেশাধিকার শুধু বিরোধ নিষ্পত্তি বা মধ্যস্থতার মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল লক্ষ্য হলো প্রত্যেক নাগরিকের মানবাধিকার সংরক্ষণ ও সুরক্ষা করা। তিনি বিচারকদের আইনের ব্যাখ্যা করার সময় মামলার বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করার আহ্বান জানান।
সভায় আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০- এর ২০২৬ সালের সংশোধনীর আলোকে অনলাইন বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা প্রাতিষ্ঠানিকীকরণ এবং ডিজিটাল আইনি সহায়তা ব্যবস্থার সমন্বয় নিয়েও আলোচনা হয়। আইনমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ বিচারাধীন মামলা রয়েছে এবং আগামী এক বছরের মধ্যে মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর লক্ষ্য রয়েছে।
সভায় বাংলাদেশ লিগ্যাল এইড অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসাইনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। আগামীকাল ১৬ আগস্ট সভার দ্বিতীয় দিনে জেলা ও দায়রা জজদের প্রশিক্ষণ এবং আইনি সহায়তা-সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হবে।