টাঙ্গাইলের মির্জাপুরে মাদকের বিস্তার ও জুয়ার বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করার লক্ষ্যে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় গোড়াই ইউনিয়ন ১নং ওয়ার্ড শ্রমিকদল আয়োজিত এই সভাটি গোড়াই উড়াল সেতুর নিচে অনুষ্ঠিত হয়। সভার পাশাপাশি মাদক থেকে সকলকে দূরে রাখতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি কুব্বত আলী মৃধা।
সভাটির উদ্বোধন করেন গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান জুয়েল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ।
সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোড়াই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাদল খান, সহ-সভাপতি মোঃ আরফান আলী ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক লাবিব শেখ প্রমুখ। বক্তারা সমাজ থেকে মাদক ও জুয়ার ভয়াবহতা দূর করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।