চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে, যা ৯ শ্রমিকের মৃত্যুর কারণ বলে জানিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। শিল্প সচিব আব্দুন নাসের খান শনিবার (১৫ আগস্ট) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এই তথ্য জানান।
শিল্প সচিব জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং বোর্ড (বিএসবিআর) এর পক্ষ থেকে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান একজন অতিরিক্ত সচিব। এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ সদস্যের এবং বিএসবিআর এর পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্তের উদ্দেশ্য হলো দুর্ঘটনার আগে ও পরে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা এবং কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি ছিল কি-না তা নির্ধারণ করা। শিল্প সচিব জানান, তদন্তে যদি কারও অবহেলা পাওয়া যায়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দুর্ঘটনাকবলিত জাহাজে জমে থাকা বিষাক্ত গ্যাস নিরাপদে অপসারণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে বলে জানান তিনি। সীতাকুণ্ড থানার পুলিশ জানিয়েছে, নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।