ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দুই দেশের ব্যবসায়ী সংগঠনের নেতারা ফুল ও মিষ্টি দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামকে উত্তরীয় ও ব্যাজ পরিয়ে বরণ করে নেন ভারতের ঘোজাডাঙ্গা এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজু সাহাজি।
এ সময় ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার আফজাল হোসেন ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের পক্ষ থেকেও ভারতীয় ব্যবসায়ী নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়কালে দুই দেশের ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং সীমান্তের দুই পাড়ের মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।