August 13, 2026, 7:33 am

১৬ বছর পর খুলল পিরোজপুরের কলেজ, অধ্যক্ষের পদ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব

১৬ বছর পর খুলল পিরোজপুরের কলেজ, অধ্যক্ষের পদ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ১৬ বছর পর কবি নজরুল ইসলাম বিজনেস ম্যানেজমেন্ট কলেজের তালা ভেঙে প্রবেশ করেছেন অধ্যক্ষ আসাদুজ্জামান টুলু। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনি কলেজের অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে প্রতিষ্ঠানে প্রবেশ করেন।

কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১০ সালে এমপিওভুক্ত হয়। কলেজের অধ্যক্ষের পদ নিয়ে দুই ভাই কামরুজ্জামান ও আসাদুজ্জামান টুলুর মধ্যে বিরোধ শুরু হয়, যার ফলে কলেজের কার্যক্রম বন্ধ হয়ে যায়। উভয়েই অধ্যক্ষের দায়িত্ব দাবি করে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়েন।

আসাদুজ্জামান টুলু দাবি করেন, তিনি কলেজ প্রতিষ্ঠার শুরু থেকেই অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। তার বড় ভাই কামরুজ্জামান গ্র্যাজুয়েশন সম্পন্ন না থাকায় কম্পিউটার অপারেটর পদে চাকরি নেন এবং পরে মাস্টার্স পাসের সনদ দেখিয়ে অধ্যক্ষের পদ দাবি করেন। আসাদুজ্জামান জানান, ওই সনদ জাল প্রমাণিত হওয়ায় কামরুজ্জামানকে জেল ও জরিমানা ভোগ করতে হয়েছে।

কলেজটির ভূমিদাতা পরিবারের সদস্য শরীফ মো. মাসুদ পারভেজ জানান, কলেজ প্রতিষ্ঠার পর রাজনৈতিক বিরোধ ও দুই ভাইয়ের মামলা-মোকদ্দমার কারণে কলেজের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আদালতের রায় পাওয়ার পর বৃহস্পতিবার কলেজটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা নুরুল আলম বিপ্লব জানান, কলেজটি দীর্ঘদিন বন্ধ থাকায় এর অবকাঠামো ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, দুই ভাইয়ের মামলা জটিলতার কারণে কলেজটি চালু করা সম্ভব হয়নি। তবে তিনি আদালতের রায়ের বিষয়ে অবগত নন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা