নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া আক্তার (২৪) হত্যা মামলার ১৫ দিনের মাথায় রহস্য উদঘাটন করেছে পিবিআই। গ্রেপ্তার করা হয়েছে নিহতের স্বামী মো. সোহাগ মিয়া জুলহাসকে (৩৩)।
জানা যায়, গত ২৬ জুলাই নিজ বাসায় গলাকাটা অবস্থায় পাওয়া যায় তানিয়াকে। পারিবারিক কলহ ও দ্বিতীয় বিয়ে নিয়ে দ্বন্দ্বের জেরে সোহাগ স্ত্রীকে হত্যা করেন বলে জানায় পুলিশ।
দীর্ঘদিন পলাতক থাকার পর ১১ আগস্ট ভোরে গাইবান্ধা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই।
গ্রেপ্তারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন সোহাগ।
মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পিবিআই।