গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। শনিবার (৮ আগস্ট) বিকেলে কাশিমপুর কারাগার থেকে আট ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয় তাকে।
জানাজার অনুষ্ঠানটি রাত ১১টার দিকে কোটালীপাড়া পৌর ভবন মাঠে অনুষ্ঠিত হয়। কামাল হোসেন শেখের পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৯৭) শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
শেখ লুৎফর রহমান কোটালীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ছিলেন। তিনি কোটালীপাড়া শাহানা রশিদ বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, পিতার মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়ার জন্য কামাল হোসেন শেখকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হয়। কারা কর্তৃপক্ষ তাকে আট ঘণ্টার জন্য মুক্তি দেয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, কামাল হোসেন শেখের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে মামলা রয়েছে এবং তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। জানাজা শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
জানাজার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।