August 8, 2026, 9:59 am

ফরিদপুরে পাট শুকানোর জন্য বাঁশের আড়া বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে পাট শুকানোর জন্য বাঁশের আড়া বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের সালথায় পাট শুকানোর জন্য বাঁশের আড়া বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের জুগিকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবি মেম্বারের সমর্থক হাবিবুর রহমান একটি মসজিদের সামনে পাট শুকানোর জন্য বাঁশ দিয়ে আড়া বাঁধেন। এতে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়। মুসল্লিরা বাঁশের আড়া খুলে দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনার পর হবি মাতুব্বরের সমর্থকরা বশির মাতুব্বরকে আড়া খুলে ফেলার জন্য দায়ী করেন। এক পর্যায়ে তারা বশির মাতুব্বরের বাড়িতে হামলার চেষ্টা করলে উভয় পক্ষের লোকজন জড়ো হন এবং সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং কয়েকটি বসতবাড়ি ও একটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি বাঁশের আড়া খোলাকে কেন্দ্র করে বিরোধ দ্রুত সংঘর্ষে রূপ নেয়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাবিবুর রহমান (হবি মেম্বার) বলেন, পাটের আড়া বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে আহতদের বিষয়ে তিনি জানান, তার সমর্থকদের মধ্যে ৪ থেকে ৫ জন আহত হয়েছে। অন্যদিকে, বছির মাতুব্বর অভিযোগ করেন, তাকে দায়ী করে হামলা চালানো হয়েছে এবং তার স্ত্রী হাসপাতালে ভর্তি আছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা