জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, ‘ভাইয়ারা, জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না! আপনাদের ১৮ মাসের ইতিহাস জনগণ ভুলে যায়নি!’
মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, ‘আপনারা এখন ৫ মাসের সরকারের দোষ দিচ্ছেন, আপনাদের হাতে পাওয়ার ছিল, ডা. ইউনূসের হাতে পাওয়ার ছিল, তখন বিচার করেন নাই কেন?’
তিনি মাতুয়াইলে শহীদদের কবরের কথা উল্লেখ করে বলেন, ‘সেখানে একদিনের জন্য যান নাই কেন? একজন শহীদের বাবা এভাবেই বলছিলেন জুলাই বিক্রেতাদের!’
রাশেদ খান আরও বলেন, ‘জুলাই বিক্রেতারা জনগণকে বোকা মনে করে! একবার কল্পনা করলো না যে, জনগণ কেন তাদের প্রত্যাখ্যান করলো?’
তিনি নাহিদ ইসলামের পূর্বের বক্তব্যের স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘অথচ নাহিদ ইসলাম নিজেই জামায়াতের আমিরের নেতৃত্বকে গ্রহণ করেছে!’
রাশেদ খান বলেন, ‘বিএনপির ১০ ভাগের ১ ভাগ ক্ষমতা থাকলে তো আমাদের দেশে থাকতে দিতেন না!’