হাকিকুল ইসলাম খোকন :
বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)-এর কেন্দ্রীয় পলিটব্যুরো গত ২২ জুলাই ২০২৬, বুধবার এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাঙালি জাতীয়তাবাদী সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক, সাবেক মন্ত্রী, সাবেক সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনুকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে বিচারের নামে প্রহসন সাজিয়ে গত ৩০ জুন ২০২৬ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় প্রদানের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে।
সাম্যবাদী দলের বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দমিয়ে রাখার চলমান প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক গোষ্ঠীকেই শক্তিশালী করা হবে। দক্ষিণপন্থী ধর্মীয় ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সরকারের বর্তমান ঐক্য দেশের সার্বিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে এবং মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকেই লাভবান করবে।
বিবৃতিতে বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) পূর্বনির্ধারিত এই রায় প্রত্যাহার করে মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।
এছাড়াও জেএসএফ-বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন উক্ত বিবৃতির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং অবিলম্বে এই অবৈধ ও প্রহসনের বিচার বাতিল করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন।