রাষ্ট্রপতির পদ থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার পর মো. সাহাবুদ্দিনের নতুন ঠিকানা হিসেবে রাজধানীর গুলশানের একটি বাসায় নতুন টেলিফোন সংযোগ স্থাপনের কাজ চলছে।
গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গুলশানের ১২৩ নম্বর সড়কের ‘গ্রিন ভিলা’ ভবনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুই কর্মী নতুন টেলিফোন সংযোগ দিতে যান। ভবনটির নিরাপত্তাকর্মী মো. মাছুম জানান, তিন-চার দিন আগে মো. সাহাবুদ্দিন সেখানে এসেছিলেন।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। বাসার বিভিন্ন প্রস্তুতিমূলক কাজও সম্পন্ন হয়েছে এবং সেখানে বিশেষ শাখার (এসবি) কয়েকজন সদস্য দায়িত্ব পালন করছেন।
বিটিসিএলের টেলিকমিউনিকেশন মেকানিক আব্দুর রাজ্জাক জানান, সরকারি নির্দেশে নতুন টেলিফোন লাইন স্থাপন করা হচ্ছে। রাষ্ট্রপতি পদ ছাড়ার পর মো. সাহাবুদ্দিন এই বাসায় উঠবেন বলে তাদের জানানো হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।'
এদিকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ পত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্পিকার চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে থাকলেও নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন।
তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম