July 9, 2026, 9:03 am

কুষ্টিয়া হাসপাতালে দুর্ঘটনার শিকার রোগীর বিচ্ছিন্ন পা খুঁজে পাওয়া যায়নি

কুষ্টিয়া হাসপাতালে দুর্ঘটনার শিকার রোগীর বিচ্ছিন্ন পা খুঁজে পাওয়া যায়নি

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার শিকার হাসেম আলী (৬০) নামে এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (০৮ জুলাই) বিকেলে হাসপাতালের অপারেশন থিয়েটারে খোঁজাখুঁজি করেও তার ডান পা পাওয়া যায়নি। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসেমের মৃত্যু হলে তার পরিবার ডান পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

নিহত হাসেম ইবি থানার আব্দালপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় কৃষক ছিলেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আব্দালপুরের শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকের পরামর্শে অপারেশন থিয়েটারে নেওয়ার পর হাসেমের মৃত্যু ঘটে। মৃত্যুর পর তার বিচ্ছিন্ন ডান পা খুঁজে না পাওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন।

আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপন জানান, হাসেম তার প্রতিবেশী চাচাতো ভাই। তিনি অভিযোগ করেন হাসপাতালের সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে এ ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, নিহতের পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা