রাঙামাটির কাপ্তাই উপজেলায় টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঘটনা ঘটেছে, ফলে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে এই সড়কে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতিপাড়া এলাকায় অতিবৃষ্টির ফলে পাহাড়ের একাংশ ধসে পড়ে সড়কের ওপর। এর ফলে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সড়কটি বন্ধ রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য পাইসুইখই মারমা বলেন, অতিবৃষ্টির কারণে রাতের যেকোনো সময় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। স্থানীয়রা সকালে ধসে পড়া মাটি দেখতে পেয়ে প্রশাসনকে বিষয়টি জানান। সড়কটি সচল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।
বাঙ্গালহালিয়া সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক লিটন দাস জানান, পাহাড়ধসের কারণে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে কিছু ছোট ও হালকা যানবাহন বিকল্প ডংনালা সড়ক ব্যবহার করে চলাচল করছে।
এর আগে, কয়েক দিনের টানা ভারী বর্ষণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কসহ জেলার বিভিন্ন এলাকায়ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়, পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় সড়ক থেকে ধসে পড়া মাটি ও গাছ অপসারণের পর যান চলাচল স্বাভাবিক হয়।