চীন প্রশান্ত মহাসাগরের বুকে একটি পারমাণবিক সাবমেরিন থেকে নতুন একটি কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এই ঘটনা ঘটে স্থানীয় সময় ১২টা ০১ মিনিটে, এবং এর আগে চীন প্রতিবেশী দেশগুলোকে এই অভিযানের বিষয়ে অবহিত করেছিল।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির একটি কৌশলগত সাবমেরিন থেকে ডামি যুদ্ধাস্ত্রসহ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি প্রশান্ত মহাসাগরের নির্ধারিত আন্তর্জাতিক জলসীমায় অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এটি চীনের দ্বিতীয় বড় কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ১৯৮০ সালের পর এই প্রথম চীন মহাসাগরের এই অংশে এমন পরীক্ষা চালালো।
চীন সরকার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপানের গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের সত্যতা স্বীকার করে জানিয়েছে যে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পরমাণু বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের বিষয়ে আঞ্চলিক সরকারগুলোকে আগেভাগেই বার্তা পাঠানো হয়েছিল।
জাপানের কিয়োডো নিউজের তথ্য অনুযায়ী, টোকিওও এই পরীক্ষার বিষয়ে আগে থেকে জানানো হয়েছিল এবং তারা চীনের প্রতি এই পরিকল্পনা পুনর্মূল্যায়ন করার আহ্বান জানিয়েছে।