July 4, 2026, 12:07 pm

মৌলভীবাজার সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের দাবি ভিন্ন

মৌলভীবাজার সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের দাবি ভিন্ন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল-লাঠিটিলা সীমান্তে বিএসএফ ১০ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করেছে। বিজিবির দাবি, তারা কঠোর অবস্থানের মুখে ভারতে ফিরে গেছে, তবে স্থানীয়দের অভিযোগ, দিনভর আটকে রাখার পর রাতে তাদের বড়লেখা সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেওয়া হয়। বিজিবি তাদের পরিচয় যাচাই করে স্বজনদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে। পরে তাদের স্থানীয় একটি বাড়িতে রাখা হয়।

রাতে সিএনজি অটোরিকশায় করে বিজিবি সদস্যরা তাদের নিয়ে বের হন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ফিরে গেলেও পরে বড়লেখা সীমান্তের দিকে নিয়ে যাওয়া হয়। বিজিবি জানায়, তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে, তবে এ দাবির পক্ষে কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি।

৫২ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসএফ দুই পুরুষ, সাত নারী ও এক শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল। বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, বিজিবির বাধার মুখে তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে গেছে।

পুশইনের শিকার ব্যক্তিরা জানান, তাদের বাড়ি নড়াইল ও সাতক্ষীরায় এবং তারা দীর্ঘদিন ভারতে বসবাস করছিলেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক খোরশেদ আলম অভিযোগ করেছেন যে, তাকে হেনস্তা করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট মুছে ফেলতে চাপ দেওয়া হয়েছে। বিজিবির পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা